সোজাসাপটা রিপোর্ট: সরকার সন্ত্রাসী ও মাদকের ক্ষেত্রে রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসন মিলনায়তনে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এক সময়ে মানুষ মাদক বলতেই চিনত ফেনসিডিল। এখন সেটি অতিক্রম করেছে ইয়াবা। ইয়াবার বিস্তার এতটাই যে, এখন গ্রামের চা দোকানেও বিক্রি হয়। প্রশাসন আন্তরিক না হলে এসব নির্মূল করা সম্ভব না।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে চুরি ছিনতাইসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করা অসম্ভব। মাদক ও সন্ত্রাস পরগাছা। এগুলো পৃষ্ঠপোষকতা ছাড়া বিস্তার ও টিকে থাকা অসম্ভব। প্রশাসন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার ঘটে। যে দল ক্ষমতায় থাকে তাদের পৃষ্ঠপোষকতায় বৃদ্ধি পায়।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদক সন্ত্রাস শতভাগ বন্ধ করতে চাই। এই বার্তাটি আমার জেলা উপজেলার নেতাকর্মীদেরও জানিয়ে দিয়েছি। এটা শুধু আমার মুখের ভাষা নয়, এটা আমরা বন্ধে করে দেখাতে চাই।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তা ও আট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।