স্টাফ রিপোর্টার: গতকাল ফতুল্লা থানার টাগারের পাড় আঙ্গুরা মসজিদে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাবতলী এলাকার বাসিন্দা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেউলি নিউএইজ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন। আলোচনা সভায় সরকার যদি এখনই কার্যকর ব্যাবস্থা গ্রহন না করে তাহলে ঈদের পর থেকে টানা আন্দোলন শুরু করার ঘোষনা দিয়েছেন সভাপতি রফিকুল ইসলাম জীবন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত প্রায় বিশ বছর ধরে ফতুল্লাবাসী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই ফতুল্লার বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন হয় না। ফলে ইসদাইর, গাবতলী, উত্তর মমাসদাইর, লালপুর, টাগারের পাড়সহ আশপাশের এলাকা দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সামান্য পরিকল্পনা গ্রহণ করে মাত্র ২০ থেকে ২৫ কোটি টাকা ব্যয়ে ইসদাইর রেললাইন ব্রিজ থেকে লিংক রোডের সাব-রেজিস্ট্রি অফিস পর্যন্ত একটি ডিপ ড্রেন নির্মাণ করা হলে এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব। কিন্তু বিগত বছরগুলোতে কোনো সরকারই কার্যকর উদ্যোগ নেয়নি।
তারা বর্তমান সরকারের কাছে আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম জীবন বলেন, “আমরা এলাকাবাসী প্রতি বছর নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে খাল পরিষ্কার করে থাকি। গত বছর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসাকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন।”
তিনি আরও বলেন, “মশিউর রহমান রনি নিজ খরচে দুটি বেকু মেশিন দিয়ে খাল পরিষ্কার করে দিয়েছেন। তাকে সহায়তা করেছেন সিদ্দিকুর রহমান উজ্জল। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
রফিকুল ইসলাম জীবন বলেন, “আমাদের বর্তমান এমপি অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন নির্বাচনের আগে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি নির্বাচিত হয়েছেন, তাই আমরা আশা করি তিনি তার কথা রাখবেন। তিনি বিরোধী দলের এমপি হলেও এই গণতান্ত্রিক সরকার এলাকার সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস।”
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তারা এ দেশের মানুষের সর্বোচ্চ ভালোবাসা অর্জন করেছেন। নিশ্চয়ই তারেক রহমান তার পিতামাতার সম্মান রক্ষা করবেন এবং বিরোধী দলগুলোর মর্যাদা নিশ্চিত করবেন। তাই এই সংকট সমাধানে স্থানীয় এমপি ও সরকার একসঙ্গে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ও বিএনপি জোটের এমপি প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর হস্তক্ষেপও কামনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিন, তাতি দলের ফতুল্লা থানা সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মিজান, আল আমিন বাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মাজহারুল ইসলাম খোকন, সহসভাপতি মাঈনুদ্দিন মুন্সী, লালপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেউদ্দিন মুসা, ব্যাংক টাউন সেন্ট্রাল রোড কমিটির কোষাধ্যক্ষ মোসলেউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস ডেনি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল আমিন বাগ লালপুর পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ আরিফুর রহমান জনি।